রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে গলায় ফাঁস দিয়ে ইসরাত জাহান ইশা (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে বানেশ্বর সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্র জামিরা গ্রামে এ ঘটনা ঘটে। সে ক্ষুদ্র জামিরা গ্রামের ইউসুফ আলীর মেয়ে।

জানাগেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইশা তার ভাতিজাকে নিয়ে বাড়ির বাইরে ঘোরাঘুরি করছিল। এ সময় পরিবারের অন্য সদস্যরা কাজে ব্যস্ত ছিল। ইশা বাড়ির বাইরে ভাতিজাকে একটি বেঞ্চে বসিয়ে রেখে সবার অজান্তে তার শয়নকক্ষের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এ সময় ইশার মা ঘরে গিয়ে তীরের সাথে মেয়েকে ঝুলতে দেখতে চিৎকার শুরু করলে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসে। পরে বেলপুকুর থানায় খবর দেয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে ইশার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।