নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে নেছার খাঁন নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে তাকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মোহাম্মদ মেহেদী ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রলীগ নেতা নেছার খাঁন গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র এবং বিশ্ববিদ্যালয়টির বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেক্রেটারি।
গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগকর্মী ছিলেন বলে কয়েক মাস আগে নেছার খাঁনকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার দুপুরে নিজের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে বিশ্ববিদ্যালয়ে যান তিনি। এ সময় শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে তার ওপর চড়াও হন। একপর্যায়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
শিক্ষার্থীরা আরো জানায়, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেছার খাঁন বিরোধিতা করেছেন। সাধারণ ছাত্রদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতেন।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী ইসলাম বলেন, নেছার খাঁন গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র। পাশাপাশি তিনি ওই ইউনিভার্সিটির বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সেক্রেটারি। আমরা তার ফেসবুক আইডি ঘেঁটে দেখেছি জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি ফেসবুকে নিয়মিত নানা ধরনের উসকানিমূলক পোস্ট দিয়েছিলেন। আন্দোলনের বিরুদ্ধে তিনি ফেসবুকে খুবই সক্রিয় ছিলেন। ওই কারণে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তখন থেকেই তার ওপর ক্ষিপ্ত।
পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, ‘বৃহস্পতিবার নেছার খাঁন ইউনিভার্সিটিতে গেলে শিক্ষার্থীরা তার ওপর চড়াও হয়। খবর পেয়ে আমরা বিকেলে ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে তাকে আটক করি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



