রাজশাহীর পবা উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় থাকা মো: ইব্রাহিম (৮০) নামে এক পাহারাদারের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কিল-ঘুষি মেরে এবং পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ইব্রাহিমের বাড়ি পবার পারিলা ইউনিয়নের বামনশিকড় পুরাপুকুর গ্রামে। এ গ্রামেরই একটি পুকুর পাহারা দিতেন তিনি। শুক্রবার সকালে ওই পুকুরের পানিতে তার ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হয়।
এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘পানি থেকে লাশ তুলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত হয়েছে। তখন নিহত ইব্রাহিমের শরীরে কিল-ঘুষির আঘাত লক্ষ করা গেছে।’
ওসি বলেন, ‘হয়তো চোরেরা পুকুরে মাছ চুরি করতে এসেছিল। পাহারাদার ইব্রাহিম বুঝে ফেলায় তাকে কিল-ঘুষি মেরে এবং পানিতেই চুবিয়ে হত্যা করে চোরেরা পালিয়ে গেছে। তবে এটা প্রাথমিক ধারণা, তদন্তে নিশ্চিত হওয়া যাবে।’
ওসি আরো বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে স্বজনদের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হবে। শিগগিরই জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’



