সরকারি ২০ একর জায়গায় অবৈধভাবে প্রতিষ্ঠিত রোকন টিলা নামক ইকোপার্ক গুঁড়িয়ে দিয়েছে জেলা ও কুলাউড়া উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট বুলবুল আহমদের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস, মেহেদি হাসান মানিক ও কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
প্রশাসনসূত্রে জানা গেছে, সরকারি ২০ একর জমি জবর দখল করে রোকন উদ্দিন গত পাঁচ থেকে ছয় বছর আগে ওই পাহাড়ি টিলায় ইকোপার্ক প্রতিষ্ঠা করে পিকনিকের কিছু সরঞ্জাম রেখে মানুষের কাছ থেকে প্রবেশ মূল্যবাবদ জনপ্রতি ৫০ টাকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। উদ্ধারকৃত সম্পত্তির বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন নয়া দিগন্তকে জানান, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমদের নেতৃত্বে কুলাউড়ার কমধা এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে প্রতিষ্ঠিত রোকন টিলা ইকোপার্কের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে জবরদখল মুক্ত করে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক নামীয় সাইনবোর্ড টাঙানো হয়েছে।



