সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও ফটিকছড়ি আল জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ফটিকছড়ি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ১০২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সভাপতির উদ্বোধনী ও সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা শাহ মোহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাই। তবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই-সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ থাকতে পারবে না। তার স্থলে ‘মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করতে হবে এবং ‘প্রজাতন্ত্রের সব ক্ষমতার উৎস জনগণ’-এর স্থলে ‘প্রজাতন্ত্রের সব ক্ষমতার উৎস আল্লাহ’ সন্নিবেশন করতে হবে।
তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে ৭২-এর সংবিধান থেকে কুফরি মতবাদ ‘ধর্মনিরপেক্ষতা’ বাতিল করে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ স্থাপন করেছিলেন। কিন্তু ২০০৮ সালে ভারতের তাঁবেদারি সরকার এসে এক বিচারপতির রায়ের সূত্র ধরে সেই পঞ্চম সংশোধনী বাতিল করে আবারো ৭২-এর সংবিধানে ফেরত গিয়ে মুসলমানদের ওপর কুফরি মতবাদ চাপিয়ে দেয়। আল্লাহ সেই সরকারের ওপর গজব দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছেন।
বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে উল্লেখ করে প্রবীণ এই আলেম বলেন, ভারতের মুদি সরকার পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে তাদের আসল চেহারা উন্মোচন করেছে। সবাইকে তাদের আধিপত্য বিস্তারের ব্যাপারে সজাগ থাকতে হবে।
আল্লামা হারুন আজিজী নদভী, মুফতি রহিমুল্লাহ ও মুফতি ইকবাল আজিমপুরীর সঞ্চালনায় দু’দিনব্যাপী এ ইসলামী মহাসম্মেলনে বক্তব্য রাখেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশী, পটিয়া মাদরাসার মুহতামিম আল্লামা আবু তাহের নদভী, মুফতি জসিম উদ্দিন, মুফতি মাহমুদ হাসান, আল্লামা আব্দুল হক হক্কানী, আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী, আল্লামা আইয়ুব বাবুনগরী, হেফাজতের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা লোকমান হাকিম, মাওলানা ইসমাইল খান, মাওলানা মোস্তফা নূরী, গাজী ছানাউল্লাহ রহমানী, মাওলানা নূর আহমদ, মুফতি আব্দুল হামিদ, মাওলানা জাকারিয়া আল-আজহারী, মাওলানা আনোয়ার শাহ আজহারী, মাওলানা খোবাইব, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা আনাস সোলতানী, মাওলানা জাকারিয়া হাসনাবাদী, ক্বারী আবু সাঈদ, মুফতি খালেদ নানুপুরী প্রমুখ।



