চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন অপরাধে জড়িত একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মো: ফারুক প্রকাশ ডাকাত ফারুক (২৭) গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফারুক উপজেলার জনার কেঁওচিয়া সামিয়ার পাড়া এলাকার মো: সোলায়মানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শীর্ষ যুবলীগ সন্ত্রাসী বিভিন্ন অপরাধে জড়িত ও কিশোর গ্যাং লিডার মো: ফারুক প্রকাশ ডাকাত ফারুককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদককারবারী ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর হামলাসহ থানায় একাধিক মামলা রয়েছে।
এছাড়া গত ৪ আগস্ট কেরানীহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলায় তিনি সরাসরি জড়িত ছিল। বিগত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নির্বাচনী প্রচারণা চালানোর সময় তার ছেলে প্রফেসর ওমর ফারুক সানিসহ দলীয় নেতা-কর্মীদের উপর হামলায় তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাত ফারুক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তিনি যুবলীগের প্রভাব বিস্তার করে এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপর হামলায় জড়িত ছিলেন। ফারুক কিশোর গ্যাং সৃষ্টি করে উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ডাকাতি, চুরি-ছিনতাই, মাদককারবারী ও জায়গা-জমি দখলে ভাড়ায় খাটাসহ বিভিন্ন অপকর্মের প্রধান ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি নদভীর প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলার সাহস করত না কেউ।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তফা কামাল খান জানান, ‘গত শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জনার কেঁওচিয়া সামিয়ার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মো: ফারুক প্রকাশ ডাকাত ফারুককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে আসছিল। ফারুকের বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’



