ওষুধের মূল্য বৃদ্ধি ও ব্যবসায়িক সিন্ডিকেটের বিরুদ্ধে গাজীপুরে প্রতিবাদ সভা এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাবেক সভাপতি শাহজালাল বাচ্চুর কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। গতকাল শনিবার গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে বাংলাদেশ কেমিস্ট অ্যন্ডি ড্রাগিস্ট সমিতির গাজীপুর জেলা কমিটির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি হাজী মো: আখতার-উজ-জামান, সহসভাপতি আশরাফুল ইসলাম খান, বাবুল হোসেন, মামুনুর রশিদ, জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান, মমিনুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত হাসিনা সরকারের আমলে সারা বাংলাদেশে সিন্ডিকেটের মাধ্যমে ওষুধের অধিক মূল্য বৃদ্ধি, কেমিস্টদের কমিশন কমানো ও কেমিস্টদের মধ্যে বিভক্তিকরণ এবং বিদেশী ওষুধ আমদানি করে অতিমাত্রায় দশগুন মূল্য বৃদ্ধি করে বাজার জাতকরন হয়েছে। এসবের মূল হোতা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি মো: শাহজালাল বাচ্চু গং।
বক্তারা এসব সিন্ডিকেট ভেঙে ওষুধের মূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।



