কুমিল্লার মুরাদনগর উপজেলার কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের পকেট কমিটি গঠনের অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। কমিটি বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
গত রোববার সকালে উপজেলার আকবপুর ইউনিয়নের কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিভাবক, ছাত্র ও স্থানীয়দের মতামতকে উপেক্ষা করে গত ফ্যাসিস্ট সরকারের ১৬টি বছরের মতো আবারো অধ্যক্ষ নিজে একটি পকেট কমিটি গঠনের চেষ্টা করছেন। কলেজের অভিভাবক, ছাত্র, শিক্ষক ও স্থানীয়দের অন্ধকারে রেখে তিনি (অধ্যক্ষ) স্বেচ্ছাচারি মনোভাব নিয়ে জাতীয় বিশ^বিদ্যালয়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের নাম দিয়ে একটি কমিটি জমা দিয়েছেন। বক্তারা সবার মতামতের ভিত্তিতে পরিচালনা কমিটি গঠনের দাবি জানান।
এ বিষয়ে কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন, অধ্যক্ষ ছুটিতে থাকায় আমি দায়িত্বপ্রাপ্ত হয়ে অধ্যক্ষ হিসেবে রয়েছি। দাতা সদস্য ইব্রাহিম সরকারের বিগত দিনে যেভাবে কমিটি করে দিয়েছেন সেভাবেই ওনার কথামতো আমি এই কমিটিটি জাতীয় বিশ^বিদ্যালয়ে পাঠিয়েছি।