মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদিতে ফুল দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম। তিনি শহীদ বেদিতে এলে ‘জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বাধা ও হুমকি প্রদানের অভিযোগ’ তুলে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ সময় তাকে বেদি থেকে নেমে যেতে বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘মুক্ত বাংলা’য় এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধীদের অভিযোগ, শহিদুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এ ছাড়া আন্দোলনকালীন শিক্ষার্থীদের বিভিন্ন হুমকি দিতেন তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের দ্বারা জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের চেষ্টাও করেছিলেন শহিদুল।
জানা যায়, সোমাবার বেলা সাড়ে ১০টার দিকে বিশ^বিদ্যালয় প্রশাসন কর্তৃক ‘মুক্ত বাংলা’য় শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন বিভাগ ও সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এ সময় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে ফুল দিতে আসে শহিদুল ইসলাম ও বিভাগের শিক্ষার্থীরা। এ সময় শহিদুল ইসলামের উপস্থিতি দেখে তাকে গণ-অভ্যুত্থানে বিরোধিতাকারী উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে সেখান থেকে শহিদুল চলে গেলে বিভাগের শিক্ষার্থীরা তাকে ছাড়াই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।