বুড়িমারী এক্সপ্রেস ট্রেন লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর স্টেশন থেকে সরাসরি ঢাকা রুটে চলাচলের দাবিতে হাতীবান্ধা স্টেশনে রেলপথ অবরোধ করেছে জনতা।
গতকাল মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা রেল স্টেশনে স্থানীয়রা রেলপথ অবরোধ করে। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটি আটকে পড়ে। পরে হাতীবান্ধা বন্দর বাস স্ট্যান্ডে সড়কপথ অবরোধ করে জনতা।
আন্দোলনকারীদের দাবি, পতিত হাসিনা সরকার ১৪ বছর আগে বুড়িমারী এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন সরাসরিভাবে ঢাকা থেকে বুড়িমারী চলাচল করবে বলে প্রতিশ্রুতি দেয়। দীর্ঘ প্রতীক্ষার পর সেটি চলতি বছর চালু হলেও সরাসরি বুড়িমারীর পরিবর্তে লালমনিরহাট থেকে ঢাকা চলাচল করে। এতে ট্রেন সেবা থেকে বঞ্চিত হয় জেলার চারটি উপজেলার মানুষ।
অভিযোগ রয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতারা ঢাকাগামী বাসমালিক সমিতির কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বুড়িমারী স্থলবন্দরের পরিবর্তে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট শহর থেকে ঢাকায় চলাচলের ব্যবস্থা করে। এতে জেলার ৫ উপজেলার ঢাকাগামী মানুষ চরম বেকায়দায় পড়ে।