নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকায় জাহিন স্পিনিং মিল লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে প্রায় ২০-২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার রাত ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন এই স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে স্পিনিং মিলের তুলা ও সুতার দু’টি গোডাউন সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া মিলের উত্তর পাশে থাকা সুতা তৈরির মেশিনও পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ প্রচেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো: আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আড়াইহাজার, কাঞ্চন ও মাধবদী ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। সেনাবাহিনীর একটি টিমও উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
স্পিনিং মিলের মালিক মাহমুদুর রহমান সুমনের মতে, তুলা ও সুতার গোডাউন এবং যন্ত্রপাতির ক্ষতি মিলিয়ে আনুমানিক ১৫-১৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে হিসাব করলে ক্ষতি আরো বাড়বে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজ্জাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন । তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ঘটনা নিছক দুর্ঘটনা না-কী নাশকতা তা তদন্ত করা হবে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, তদন্ত সাপেক্ষ প্রকৃত ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে।