ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ইনোভেটিভ সায়েন্স প্রজেক্ট অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের চার সদস্যের একটি দল। ৩০টি দেশের ৪৫টি টিমকে হারিয়ে বিজয়ী হয় দলটি। এ অলিম্পিয়াড ১৩ থেকে ১৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়।
চ্যাম্পিয়ন টিমের শিক্ষার্থীরা হলেন ইমাম রশিদ সাগর, নূরে আলম সিদ্দিকী, কৌশিক তাওহিদ ও সুমাইতা বিনতে হাবিব স্নেহা। তারা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। এ প্রতিযোগিতায় কৃষিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে একজন কৃষক সহজেই কৃষিকাজ করতে পারেন সেটা দেখানো হয়। আমরা আপ্লুত।
কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র, সহকারী অধ্যাপক ও সাংবাদিক মামুন-উর-রশিদ বলেন, আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থীদের সফলতায় নিজেকে গর্বিত মনে হয়।
কলেজের সহযোগী অধ্যাপক সফি মাহমুদ বলেন, বিজয়ীরা আমাদের প্রতিষ্ঠানের হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বিজয়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করি।
অধ্যক্ষ প্রফেসর মো: শওকত আলম মীর জানান, বিজয় দিবসের আনন্দকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা।



