মুন্সীগঞ্জের গজারিয়ায় ভ্রাম্যমাণ বাসের ভেতরে দেয়া হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ। যুব উন্নয়ন অধিদফতরের অধীনে টেকাব-২য় পর্যায় উপজেলার ৪০ জন তরুণ তরুণী এ প্রশিক্ষণ নিচ্ছেন।
গত মঙ্গলবার সরেজমিন দেখা যায়, যুব উন্নয়ন অধিদফতরের আওতায় উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ বাসের ভেতরে বসে কম্পিউটার প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ নিচ্ছেন। বাসের প্রতি আসনের সামনে একটি করে ল্যাপটপ রাখা আছে। একেকটি ল্যাপটপের আসনে একেকজন তরুণ কিংবা তরুণী কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন।
যুব উন্নয়নের অধীন টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব) নামে একটি প্রকল্পের মাধ্যমে প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ বাসে করে কম্পিউটার প্রশিক্ষণ চালু করা হয়েছে।