উত্তরের শীতের জেলা বলে খ্যাত পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটছেই না। ষষ্ঠ দিনের মতো জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন ৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। এর আগে গত শুক্রবার এখানে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর থেকে এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়া অফিসের হিসাবে যা মৃদুশৈত্যপ্রবাহ এবং এ অবস্থা আরো ২-১ দিন অব্যাহত থাকতে পারে জানিয়েছে তারা।
তবে আশার ব্যাপার হলো দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাওয়ায় তেমন দুর্ভোগ নেই জেলার শীতার্ত মানুষগুলোর। গতকাল বিকেল ৩টায় তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার থেকে এ পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ২৬-২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকালের কুয়াশা কেটে সূর্যের দেখা মিলছে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে রোদের তেজ। দুপুরের দিকে খালি জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটাই অসম্ভব হয়ে পড়ে। তবে বেলা গড়িয়ে যাওয়ার পরই শুরু হচ্ছে উত্তরের হিমেল বাতাস। ধীরে ধীরে বাড়তে থাকে শীতের তীব্রতা। সন্ধ্যা হতেই জেঁকে বসতে শুরু করে শীত।
জেলা সদরের বলেয়াপাড়া গ্রামের কৃষি শ্রমিক জয়নুল হক জানান, খুব সকালে ঘুম থেকে জেগে উঠলেও প্রচণ্ড শীতের কারণে কাজে বের হতে দেরি হয়। কুয়াশা কেটে যাওয়ার পর রোদ শুরু হলে মাঠের কাজে যাই। অবশ্য কড়া রোদ আর কাজ শুরু করলে শরীরে আর ঠাণ্ডা লাগে না।



