বগুড়ার শাজাহানপুরে লালতীর সিড কোম্পানি পরীক্ষামূলক লিলিয়াম ও জারবেরা ফুল চাষের কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে। লালাতীর বীজ কোম্পানির সহযোগিতায় গত মঙ্গলবার উপজেলার সুজাবাদে ‘গ্রিন ওয়ান’ নার্সারিতে এ মাঠ দিবস পালন করে।
গ্রিন ওয়ানের জেনারেল ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা কৃষি অফিসার আমেনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন লালতীর বগুড়া ডিভিশনাল ম্যানেজার কামরুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ বাশার, মার্কেটিং ম্যানেজার জহুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- বগুড়া ল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্রী লক্ষন, ফুল চাষি রসুল কাজল, জান্নাতুল ফেরদৌস জনিসহ বগুড়ার ফুল চাষি ও ব্যবসায়ীরা। উপজেলা কৃষি অফিসার আমেনা খাতুন বলেন, বগুড়ার আবহাওয়া ও মাটি ফুলচাষের জন্য উপযুক্ত। বগুড়ায় লিলিয়াম ফুলের উৎপাদন বাড়লে আগামীতে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লিলিয়াম ফুল রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।
লালাতীরের ডিভিশনাল ম্যানেজার কামরুল হাসান বলেন, লিলিয়াম ফুল বর্ণ- বৈচিত্রে ও সুগন্ধের কারণে বাংলাদেশেও এর প্রচুর চাহিদা রয়েছে। লালতীর গ্রিন ওয়ান নার্সারির মাধ্যমে পরীক্ষামূলকভাবে চাষ করছে। সামনে দিনগুলোতে লিলিয়াম দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।