চট্টগ্রামের মিরসরাইয়ে একটি সড়কের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার প্রায় ১০ হাজার মানুষকে। সড়কটি নদীতে বিলীন হয়ে গেলেও বছরের পর বছর অনেক কষ্টে যাতায়াত করছেন এখনকার বাসিন্দারা। স্থানীয় জনপ্রতিনিধিদের এই সড়ক নিয়ে কোনো মাথাব্যথা নেই। দ্রুত সড়কের সংস্কারের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ নিউ বারোনী সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন বাঁশখালী, আজমপুর, পাতকোট, মুহুরী প্রজেক্ট গ্রামের শত শত মানুষ যাতায়াত করে। বিশেষ করে ওচমানপুর উচ্চবিদ্যালয় ও দাখিল মাদরাসা, যাত্রামোহন স্কুল, পাতাকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রী যাতায়াত করে। কিন্তু সড়কের বিভিন্ন অংশে ভাঙাচোরা ও কয়েকটি অংশ ফেনী নদীতে বিলীন হয়ে গেছে। এতে কোনোমতে ব্যক্তি মালিকানাধীন জায়গায় দুই থেকে তিন ফুট রাস্তায় চলাচল করতে হয়। সড়কের ওই অংশ দিয়ে কোনো সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে পারে না। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে যায়।
ওই এলাকার বাসিন্দা নুরুল আমিন, মহিউদ্দিন, দ্বিন মোহাম্মদের সাথে কথা বলে জানা যায়, একটি সড়কের জন্য আমরা বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছি। নদী দখল করে মৎস্য প্রকল্প করায় বর্ষাকালে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত করার কারণে সড়কটি নদীতে চলে গেছে। এলাকার যেকোনো সামাজিক অনুষ্ঠানের প্রয়োজনে এখন আর গাড়িতে চলাচল করা সম্ভব হয় না। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা বারবার আশ^াস দিলেও তারা কোনো কাজ করেনি। এখানকার বেশির ভাগ মানুষ বিএনপি-জামায়াত সমর্থক হওয়ায় বিগত ১৬ বছরে এক টাকার কাজও করেনি। তাদের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুল হক তার বাড়ি পর্যন্ত কার্পেটিং করে আর কাজ করেনি।
এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন মাস্টার বলেন, আমরা বছরের পর বছর অবহেলিত। এ রাস্তাটির কারণে এ এলাকার বহু ছেলেমেয়ের বিয়ের সম্বন্ধ ফিরে যায়। নদীর পাড় ঘেঁসে একটি বেড়িবাঁধ নির্মাণ করলেও সড়ক হিসেবে ব্যবহার হবে এবং নদী ভাঙন রোধ হবে।
ওচমানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মজিবুল হক বলেন, আমার বাড়ি পর্যন্ত সড়কে অংশ বেশি গর্ত থাকায় সেটুকু কার্পেটিং করা হয়েছে। এরপরের পুকুরের পাড় ও নদীতে বিলীন হয়ে যাওয়ায় সেই অংশে কাজ করা সম্ভব হয়নি।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, এ বিষয়ে আমি অবগত ছিলাম না। এলাকাবাসীও আমাকে অবহিত করেনি। শিগগিরই উপজেলা প্রকৌশলীকে পরিদর্শনে পাঠানো হবে। বিস্তারিত অবগত হয়ে সড়কটির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
মিরসরাইয়ে একটি সড়কের কারণে ১০ হাজার মানুষের দুর্ভোগ
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি সড়কের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার প্রায় ১০ হাজার মানুষকে। সড়কটি নদীতে বিলীন হয়ে গেলেও বছরের পর বছর অনেক কষ্টে যাতায়াত করছেন...



