সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া গ্রামের করিচ নদীর পাড় কেটে মাটি বিক্রি করছেন স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতা। অবৈধভাবে নদীর মাটি কেটে নেয়ায় এক দিকে যেমন করিচর সেতু হুমকির মুখে পড়েছে, অন্য দিকে হুমকিতে রয়েছে মুক্তিযুদ্ধের বধ্যভূমিও। এ ছাড়াও ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন চার গ্রামের অধিবাসী। স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনকে বারবার অবহিত করা হলেও তিনি কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু করিচর সেতুর নিচে এসকেভেটর মেশিন বসিয়ে প্রায় মাটি কেটে বিক্রি করা হচ্ছে। সেই মাটি পরিবাহিত হচ্ছে শতাধিক ড্রাম ট্রাকে করে। স্থানীয়রা বলেন, এই চক্রটি মুক্তিযুদ্ধের বধ্যভূমিটি ধ্বংস করে সেখানে একটি খেলার মাঠ দখলে নেয়ার পাঁয়তারা করছে।
তারা আরো জানায়, সরকারের অনুমতি না নিয়ে প্রতি রাতে ড্রাম ট্রাকে করে নদীর মাটি কেটে নেয়া হচ্ছে। সেই সাথে দখল হয়ে যাচ্ছে সরকারি খাস জমি ও একটি বড় পরিসরের খেলার মাঠ। ইউনিয়ন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা মিলে এমন ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। এলাকাবাসীর ধারণা, এভাবে রাতে মাটি কেটে বিক্রি করা হলে সামনের বর্ষা মৌসুমে, পাশের চারটি গ্রাম ও একমাত্র সড়কটি রক্ষা পাবে না। এমনকি সেতুটিও ভেঙে পড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি সদস্য আব্দুল হক, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা অসংখ্য মামলার আসামি আমির উদ্দিন, আব্দুল খালিক, আজির উদ্দিন, ফারুক আহমদ, নূর উদ্দিন, রফিক আহমদ, জয়নাল আহমদের ক্ষমতার দাপট একটুও কমেনি। তাদের রয়েছে বিশাল বাহিনী। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। কারণ, প্রতিবাদ করলে তাদের ওপর চালানো হয় নানা রকমের নির্যাতন। স্থানীয়রা জানান, প্রশাসনের সাথে রয়েছে আমির উদ্দিন ও আব্দুল হকের সখ্যতা।
তবে, আওয়ামী গীগ নেতা আমির উদ্দিন বলেন, মাটি কাটার জন্য গ্রামবাসীর কাছ থেকে তিনি অনুমতি নিয়েছেন। কিছু বুঝার হলে গ্রামে এসে বুঝে নিও।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে শালিক রুমাইয়া বলেন, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) এসিল্যান্ডকে বলে দিয়েছি, তিনি ব্যবস্থা নেবেন।
রক্ষা পাচ্ছে না মুক্তিযুদ্ধের বধ্যভূমি
করিচ নদীর পাড় কেটে মাটি বিক্রির মহোৎসব
সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া গ্রামের করিচ নদীর পাড় কেটে মাটি বিক্রি করছেন স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতা। অবৈধভাবে নদীর মাটি...



