র‌্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ওতার স্ত্রী জেলা পরিষদের সাবেক সদস্য লিপি আক্তার গ্রেফতার হয়েছেন।
বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে বুধবার মধ্যরাতে র‌্যাব-১৪ গ্রেফতার করেছে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে। গত ৫ আগষ্ট আ’লীগ সরকারের পতনের পর তিনি আতœগোপনে ছিলেন।
অপর দিকে গণগত্যাসহ ১২ মামলার আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, গ্রেফতার আবু সুফিয়ান সফিক বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তার স্ত্রী লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য। তিনি বলেন, সফিক দম্পতিকে রাত ৮টার দিকে ডিএমপির ডিবি তেজগাঁও টিম বগুড়া জেলা পুলিশের রিকুইজিশনের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। সফিক এর বিরুদ্ধে বগুড়া সদর থানায় জুলাই-আগস্টের একাধিক গণহত্যা মামলাসহ মোট ১২টি মামলা এবং তার স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইন মামলার এজাহার নামীয় আসামি। এর আগে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু গ্রেফতার হন। তবে তিনি সম্প্রতি বগুড়া জেলা কারাগারে অসুস্থ হওয়ার পর ঢাকায় নেয়ার পথে মারা যান।