ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট স্থগিতের পর এবার বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আয়োজক প্রতিষ্ঠান বেঙ্গল ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গল আয়োজিত উচ্চাঙ্গসঙ্গীতের আসর। তাই এবার তারা এ উৎসব আয়োজনের প্রস্তুতি নিয়েছিলেন। আর্মি স্টেডিয়ামের বরাদ্দ চেয়ে আবেদনও করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু জানুয়ারি-ফেব্রুয়ারির সব বরাদ্দ স্থগিত করায় নতুন করে আর বরাদ্দ পায়নি তারা। ফলে শুদ্ধ সঙ্গীতের এই আসরটিও অনিশ্চয়তায় পড়েছে।
আর্মি স্টেডিয়ামের বিকল্প ভেনু নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না এবং কবে নাগাদ উৎসবটি আয়োজন করা হতে পারে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছে না কর্তৃপক্ষ। বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, এ নিয়ে এখন কোনো মন্তব্য করব না। এই আয়োজন আমরাই স্থগিত করেছি। নতুন তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেয়া হবে।
এর আগে দেশে লোক সঙ্গীতের সবচেয়ে বড় আসর ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’ স্থগিত করা হয়। রাজধানীর আর্মি স্টেডিয়ামে ২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচবার হয়েছে তিন দিনব্যাপী এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানটি। গত বুধবার দুপুরে আয়োজক সংস্থা সান কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঘোষণা অনুযায়ী আমরা আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের ষষ্ঠ আসর আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছি। দেশ বিদেশের শিল্পী, সঙ্গীতজ্ঞদেরও শিডিউল নেয়া হয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে এসে আমরা ভেনু জটিলতার কারণে আপাতত ফোক ফেস্টের আয়োজনটি স্থগিত করছি।’
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে আলাপ করেই জানুয়ারিতে ফোক ফেস্ট আয়োজনের চূড়ান্ত তারিখ ঘোষণা করি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে ভেনু কর্তৃপক্ষ অনেক কিছু নিয়েই কনসার্ন। সিকিউরিটি একটা বড় ইস্যু। আতিফের কনসার্ট নিয়েও ভেনু কর্তৃপক্ষের অভিজ্ঞতা ভালো না, তার ওপর ট্র্যাফিক নিয়েও তারা কনসার্ন। সবকিছু বিবেচনা করেই বলা যায়, ‘ফোক ফেস্ট’-এর আসন্ন আয়োজনটি আপাতত স্থগিত করা হয়েছে।’
২০১৫ সাল থেকে সান ফাউন্ডেশনের উদ্যোগে ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’ অনুষ্ঠিত হয়ে আসছিল। কিন্তু ২০১৯ সালে উৎসবের পঞ্চম আসরের পর এটি আর অনুষ্ঠিত হয়নি। মূলত করোনা মহামারি এবং পরবর্তীতে নিরাপত্তার জেরে আর বসেনি ফোক ফেস্টের আসর।