মৌলভীবাজারের কমলগঞ্জের মসজিদে নামাজরত অবস্থায় বশীর মিয়া (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ পড়ার সময় তিনি মারা যান। বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বশীর মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দক্ষিণ ধলাইরপার গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে।
মৃত বশীর মিয়ার ফুফাত ভাই ইব্রাহীম মিয়া জানান, শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে বাড়ির পাশে দক্ষিণ ধলাইরপার জামে মসজিতে যান তিনি। মসজিতে সুন্নত নামাজ পড়া অবস্থায় হঠাৎ ঢলে পড়েন বশীর। সাথে সাথে মুসল্লিরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। বশীরের ৯ জন সন্তান ও স্ত্রী রয়েছে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। স্থানীয়রা জানান, বশীর মিয়া অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান। তিনি কখনো নামাজ কাজা করতেন না।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: সাজেদুল কবির জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বশীর মিয়া মারা যান।