বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ সাংবাদিক আবু তাহের মো: তুরাবের নামে চত্বর নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির, সিলেট-৬ (বিয়ানীবাজার- গোলাপগঞ্জ) সংসদীয় আসনের সংসদ পদপ্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন।
এ সময় তিনি বলেন, সাংবাদিক তুরাব ছিলেন সত্যের পক্ষে, মানবতার পক্ষে, এ কারণেই তার মতো প্রতিভাবান একজন সাংবাদিককে ফ্যাসিস্টের নির্দেশে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের হৃদয় এখনো ক্ষতবিক্ষত, আমরা তুরাব হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নেয়ার দাবি জানাই।
গতকাল দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের উত্তর বাজার ডাকবাংলোর নিচে প্রধান সড়কের চত্বরে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
জামায়াতের কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন বিয়ানীবাজারবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আরো বলেন, শুধু চত্বর নয়, তার নামে সড়কও নামকরন করতে হবে যাতে শহীদ আবু তুরাবের স্মৃতিচিহ্ন বিয়ানীবাজারের সব জায়গায় থাকে।