লালমনিরহাটের পাটগ্রামে আদালতের আদেশ অমান্য করে জমি দখল, বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় রাবেয়া আক্তার, আঁখি আকবর ও লাকী বেগমকে মারধর করে আহত করা হয়। আহত তিনজনই পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার কচুয়ারপাড় এলাকার নিজবাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মরহুম আফতাব উদ্দিন ও মহিম উদ্দিনের ওয়ারিশগণের পক্ষে শফিকুল ইসলাম এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন জগতবেড় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বারসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
শফিকুল ইসলাম বলেন, আমরা পাঁচ ভাই ও আমাদের চাচা মরহুম মহিম উদ্দিনের পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তি ওয়ারিশদের মধ্যে বণ্টনের উদ্যোগ নেয়া হয়েছে। এই জমি বহুদিন ধরে সামছুল আলম ও মুক্তা বেগমের লোকজন দখলের চেষ্টা করে আসছে। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর লালমনিরহাট আদালতে মামলা কারা হয়েছে। সেই মামলায় আদালত কোনো রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটানোর নির্দেশ প্রদান করেন। আদালতের সেই আদেশ অমান্য করে সামছুল আলম ও মুক্তা বেগমের ভাড়াটে সন্ত্রসীরা দুই দফায় হামলা করে বাড়িঘর ভাঙচুর করেছে এবং জমি দখল করে বিভিন্ন গাছের চারা রোপণ করেছে।
এ বিষয়ে অভিযুক্ত মুক্তা বেগম বলেন, আমার স্বামী সামছুল আলম তার মা বাবার উত্তরাধিকারী জমির অংশ পাবেন। কিন্তু ভাতিজারা সেই জমি দেয় না। ঘটনার দিন আমরা বাড়িতে ছিলাম না। এসব বানোয়াট।



