বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, সারা দেশের সাংবাদিকদের চিকিৎসার জন্য ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। একই সাথে পেশাগত দায়িত্ব পালনকালে যদি সাংবাদিকরা মামলা-মোকদ্দমার শিকার হন, তাদের আইনি সহায়তা দেয়ার জন্য একটি ল ইয়ার্স প্যানেল গঠন করা হবে। এ ছাড়া সরকারি অনুদানের জন্য যোগ্য প্রত্যেক সাংবাদিককে পর্যায়ক্রমে আর্থিক সহায়তা দেয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ উপলক্ষে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএফইউজের সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন। বক্তব্য রাখেন- রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট কথাশিল্পী ডা: নাজিব ওয়াদুদ, সাবেক সভাপতি বিশিষ্ট গবেষক সরদার আব্দুর রহমান, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন প্রমুখ।
এ দিন রাজশাহী বিভাগের পাঁচ জেলার (রাজশাহী, বগুড়া, নাটোর, নওগাঁ ও পাবনা) ২৬ জন সাংবাদিকের মধ্যে ১৭ লাখ ৫০ হাজার টাকার সম্মানির চেক দেয়া হয়।



