দীর্ঘ ১৩ বছর পর ২৮ ডিসেম্বর সকালে দেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এদিন তাকে স্বাগতম জানাবে লাখো মানুষ।

ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার শিকার হয়ে দীর্ঘ ১৩ বছর দেশের বাইরে ছিলেন তিনি। অনেক বছর পর তার দেশে ফেরার ঘোষণায় খুশির জোয়ার বইছে মুরাদনগর উপজেলায়। অপরদিকে তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে লাখো জনতা প্রস্তুতি শেষ করেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সৌদিআরব থেকে একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের।

জানা যায়, বিমানবন্দরে কায়কোবাদকে স্বাগত জানাতে কুমিল্লা জেলা, মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, মাওলানা, শিক্ষক, বিভিন্ন পেশাজীবিসহ সকল ধর্মের মানুষ উপস্থিত থাকবে।

অপরদিকে বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি হিসেবে খাবারের আয়োজনে উপজেলার প্রতিটি ইউনিয়নে গরু জবাই করে খাবার তৈরী করা হচ্ছে।

এছাড়া হাজারো ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠন ও শ্রমিক ইউনিয়নসহ নানা প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে হাজির হবেন এবং ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেবেন।

মুরাদনগর উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে স্বাগত জানাতে মুরাদনগর উপজেলা থেকে চারশত বাস ও দু’হাজারের বেশি মাইক্রোবাস প্রস্তুত রয়েছে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন জানান, দীর্ঘ ১৩ বছর ধরে দেশের বাইরে থাকা মুরাদনগরের এই নেতা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে উৎসবের আমেজ বইছে। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ নেতাকে বিমান বন্দরে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি শেষ করেছে।