আড়াইহাজারে রড বোঝাই একটি ট্রাক ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ট্রাকটি উদ্ধার ও চার ছিনতাইকারীকে আটক করেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাগবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার পাঁচরুখী এলাকার জনৈক সাত্তারের ছেলে আব্দুর রহমান (২৪), নারায়ণগঞ্জ সদর থানার চর সৈয়দপুর এলাকার সেলিমের ছেলে মো: আহাদ (২৫), কুমিল্লার হোমনা থানার মৃত ছটু মিয়ার ছেলে চঞ্চল মিয়া (২৭) এবং পাঁচরুখী এলাকার বাচ্চু মিয়ার ছেলে রাব্বী (২৩)।
পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন রড বোঝাই একটি ট্রাক ঢাকার কোনাপাড়া থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়। রাত ৩টার দিকে ট্রাকটি আড়াইহাজারের ঢাকা-সিলেট মহাসড়কের বাগবাড়ি এলাকায় পৌঁছালে চারজন ছিনতাইকারী একটি ড্রাম ট্রাকের মাধ্যমে ট্রাকটির গতি রোধ করে। এ সময় ট্রাকের চালক জাফর ব্যাপারী ও সহকারী শাহাদাতকে ভয়ভীতি দেখিয়ে ট্রাকটিকে ছিনতাই করে বিশনন্দী ফেরিঘাটের দিকে যাত্রা করে ছিনতাইকারীরা।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ বিশনন্দী ফেরিঘাট এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ট্রাকটি তা অগ্রাহ্য করে চলে যেতে থাকে। পরে পুলিশ ধাওয়া করে ট্রাক থামিয়ে পালানোর সময় বিশনন্দী ফেরিঘাট থেকে চার ছিনতাইকারীকে আটক করে।