বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের ভুখণ্ডে ভারতের কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভেঙে খণ্ড খণ্ড করার দুঃসাহস দেখিয়ে দু’দেশের মধ্যে দূরত্ব না বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই সম-মর্যাদার ভিত্তিতে।’ গতকাল শুক্রবার সকালে পটুয়াখালী সুরাইয়া ভিলায় জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও পলাতক হাসিনা ও তার প্রেত্মারা ভারতে বসে ষড়যন্ত্র করছে। বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, ভারত কখনো আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার বাইরে অন্য চিন্তা করতে পারে না। তারা মুক্তিযুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বন্ধুত্ব কিংবা আমাদের কৃতজ্ঞতাকে তারা তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা ও বিএনপির সাবেক সহসভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া,সাবেক সহসভাপতি অধ্যাপিক লায়লা ইয়াসমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন উদ্দিন, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক অধ্যাপক গোলাম রহমান, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান প্রমুখ।



