মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাকারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এপিবিএনের ওসিসহ কুলাউড়া থানা পুলিশের তিন সদস্য। এ ছাড়াও আহত হয়েছেন স্থানীয় তিন ব্যক্তি। এ সময় পুলিশকে মারধর করে আসামিদের সহযোগীরা তাদের ছিনিয়ে নিয়ে যায়। আহতরা হলেন, এপিবিএনের ইন্সপেক্টর নব গোপাল দাস, কুলাউড়া থানার কনস্টেবল আফরোজ মিয়া ও জাহিদ ভূঁইয়া। আহত স্থানীয়দের নাম পরিচয় জানা যায়নি।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, শনিবার ভোররাতে আমানিপুর এলাকার আর্জু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার এবং তিন চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় চোরাকারবারিদের সহযোগী শতাধিক লোক এপিবিএন ও পুলিশ সদস্যদের মারধর করে জব্দকৃত মালামাল ও আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।



