বাংলা একাডেমির ৪৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল একাডেমি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজনকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ও ছয়জনকে বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার দেয়া হয়ে। শুরুতে শিল্পী ফেরদৌস আরার নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন ‘সুরসপ্তক’-এর পরিবেশনায় জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার সূচনা হয়।
বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ এবং বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার হলো- সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার, সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার, আবু রুশ্দ সাহিত্য পুরস্কার এবং রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার।
সম্মানসূচক ফেলোশিপ প্রাপ্তরা হচ্ছেন- মঈদুল হাসান (মুক্তিযুদ্ধ), রিচার্ড এম ইটন (ইতিহাস), অধ্যাপক ডা: সায়েবা আখ্তার (চিকিৎসাবিজ্ঞান), ড. ফেরদৌসী কাদরী (বিজ্ঞান), সুগত চাকমা (ভাষা গবেষণা), শহিদুল আলম (শিল্পকলা) ও শম্ভু আচার্য (শিল্পকলা)। এর মধ্যে সদ্য মৃত্যুবরণকারী অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’, প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’, শিশুসাহিত্যিক আবু সালেহ ‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার’, নাট্যজন নায়লা আজাদ ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার’, কথাসাহিত্যিক নাসিমা আনিস ‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার’, কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার (সামগ্রিক অবদানের জন্য) ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার’ এবং কথাসাহিত্যিক সুমন মজুমদার অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্ত গুণীজনদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং একাডেমির সচিব মোহা: নায়েব আলী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অবহিত করেন।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে একাডেমির সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নেন। সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মহাপরিচালক বক্তৃতা করেন।
সারা দেশ থেকে আগত একাডেমির ফেলো, জীবনসদস্য ও সাধারণ সদস্যদের সম্মতিতে ২৫ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত ৪৬তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন ঘোষণা করা হয়।
একাডেমির ৪৭তম সাধারণ পরিষদের বার্ষিক সভার কার্যক্রম পরিচালনা করেন একাডেমির উপ-পরিচালক সায়েরা হাবীব, কাজী রুমানা আহমেদ সোমা, ড. সাহেদ মন্তাজ, রোকসানা পারভীন স্মৃতি এবং সহপরিচালক (চলতি দায়িত্ব) ড. মাহবুবা রহমান।
সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ও পুরস্কার প্রদান
বাংলা একাডেমির ৪৭তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল একাডেমি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজনকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ও...



