বকেয়া বেতন, নাইট বিল এলাউঞ্জ-সহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহের ভালুকায় প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন লাভেলো নামের একটি আইসক্রিম কারখানার শ্রমিকরা। ওই সময় দাবি আদায়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। গতকাল রোববার সকালে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় শ্রমিকরা এ অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে, বকেয়া পরিশোধের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার মেহেরাবাড়ি এলাকায় লাভেলো নামের আইসক্রিম কারখানাটিতে দুই থেকে আড়াই শ’ শ্রমিক কাজ করেন। দুই মাসের বকেয়া বেতন, নাইট বিল, এলাউঞ্জ-সহ অন্যান্য দাবিতে রোববার সকালে কাজ ফেলে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
পরে তারা সকাল ৯টার দিকে কারখানার নিকটবর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন। শ্রমিকদের অবরোধে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজট লেগে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, ভালুকা মডেল থানা, হাইওয়ে ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষের সাথে কথা বলে। পরে, ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যান।
শ্রমিকরা জানান, অক্টোবরের আংশিকসহ নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন বকেয়া পড়েছে। তা ছাড়া ১৬ মাসের নাইট বিল, ১৪ মাসের এলাউঞ্জ বকেয়া আছে। তা ছাড়া সরকারের ঘোষণা অনুসারে তাদের বেতন বাড়ানো হয় না।
ভরাডোবা হাইওয়ে থানার ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জানান, কর্তৃপক্ষ আগামী ৩১ ডিসেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন এবং মহাসড়ক ছাড়ার পর যানচলাচল স্বাভাবিক হয়।



