ইংরেজি নববর্ষ উদযাপনকে ঘিরে যেকোনো অনাকাক্সিক্ষত ও উচ্ছৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়, ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ২ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত বহিরাগত ব্যক্তি ও স্টিকারবিহীন যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় প্রান্তিক গেট ছাড়া অন্য সব গেট বন্ধ থাকবে এবং ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশ করতে নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে হলের ভেতরে বা বাইরে কোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, উসকানিমূলক বক্তব্য বা উচ্ছৃঙ্খল আচরণ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ক্যাম্প ফায়ার, আতশবাজি, পটকা ফোটানো, ফানুস উড়ানো, ডিজে পার্টি এবং মাদকদ্রব্য সেবনসহ যেকোনো উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়াও যেকোনো শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পরিচয়পত্র বহনের এবং ক্যাম্পাসের দোকানপাট রাত ১০টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।



