ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কাজী ইকবাল হোসেন নামে হাই স্কুলের একজন সহকারী প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আখাউড়া পৌরসভা মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্ররা জানায়, আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ইকবাল হোসেন একজন আওয়ামী ফ্যাসিবাদের দোসর। ফ্যাসিবাদী সরকার আমলে প্রকাশ্যে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। সাবেক আইনমন্ত্রীর নির্বাচনী এজেন্টও ছিলেন। ছিলেন সাবেক মেয়র কাজল বাহিনীর ঘনিষ্ঠজন। সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ার পর বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন তিনি। সময় বদলালেও তার ফ্যাসিবাদী চরিত্র বদলায়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা ইকবাল জামান নিশাত, জুবায়েত খান ও আশিক নেওয়াজ প্রমুখ।
এদিকে শিক্ষক কাজী ইকবাল হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, একজন লাইব্রেরিয়ানকে নবম ও দশম শ্রেণীর ক্লাস করতে না দেয়ায় একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি জানান, অভিযোগ প্রমান হলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।