বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়মের আওয়ামী লীগের সভাপতির দখলে খ্রিষ্টান পরিবারের শেষ সম্বলটুকু তাদের ভিটেমাটি। এ ব্যাপারে গত রোববার উজিরপুর মডেল থানায় আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড যুবলীগের সভাপতিসহ ১১ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ফ্রান্সিস মধু ও তার স্ত্রী আলো মধু।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সাতলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন ও রাজাপুর ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সায়মন বাড়ৈসহ মঞ্জুরুল হক বেপারী, কনক বাড়ৈ, এলিজাবেথ বিশ্বাস, জাহাঙ্গীর শেখ, জুরান ফলিয়া, কার্তিক বিশ্বাস, রুহুল আমিন বেপারী, রাকিব হাওলাদার মিলে ফ্রান্সিস মধুর স্ত্রী আলো মধুর নামে রেজিস্ট্রিকৃত জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। এ সময় দখলদাররা মারধর, ভয়ভীতি এবং হুমকি-ধামকি দিয়ে সেই দখলকৃত জমি থেকে গাছও কেটে নিয়ে যান।
ভুক্তভোগী ফ্রান্সিস মধু ও তার স্ত্রী আলো মধু জানান, আমাদের ক্রয়কৃত ও নামজারি করা এক একর ৬ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয় রাজাপুর ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সায়মন বাড়ৈ ও সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন।
অভিযোগের বিষয় সভাপতি সায়মন বাড়ৈ বলেন, এই সম্পত্তি আমার বাবার ও দাদার। তাই আমরা দখলে নিয়েছি। এ ব্যাপারে অভিযুক্ত খায়রুল বাশার লিটন বলেন, এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।