ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমানের অবস্থা সঙ্কটান্ন। তিনি বর্তমানে রাজধানীর, হাসপাতালে কেবিন ব্লকে লাইফ সাপোর্টে আছেন। বিকেলে চিকিৎসকেরা জানান, অঞ্জনার অবস্থা সঙ্কটাপন্ন। এর আগে টানা ১০ দিন ধরে অচেতন হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এই ক’দিন তিনি সিসিইউতে ভর্তি ছিলেন। কিন্তু এখন পর্যন্ত তার আশানুরূপ কোনো উন্নতি হয়নি বরং অবনতি হচ্ছে। তাই বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করার পর ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।
হাসপাতালে পরিবারের সবাই এখন উপস্থিত আছেন। কাঁদছেন ছেলে নিশাত মনি। মেয়ে ফারজানা রহমানের বর কামরুল ইসলাম রিপন করছেন ছোটাছুটি। নিশাত বলেন, আম্মুর অবস্থা খুবই ক্রিটিকাল। ডাক্তাররাও বলে দিয়েছেন, এখন আর কিছু করার নেই।
জানা গেছে, ১৫ দিন ধরে অঞ্জনা অসুস্থ। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
নায়িকা অঞ্জনা, বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশী সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় নায়িকাও তিনি।
‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।