দরপত্র ছাড়াই রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবন সংস্কার কাজ করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে একটি দল রাসিকে এ অভিযান চালিয়েছে। এ সময় তিনটি ফাইল জব্দ করা হয়েছে। অভিযানকালে দুদকের সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক, উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
দুদকের সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন গণমাধ্যমকে জানান, দরপত্র ও কোটেশন ছাড়াই সংস্কার কাজ হওয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় তিনটি ফাইল জব্দ করা হয়েছে। এর বাইরেও আমরা বেশকিছু তথ্য পেয়েছি, যেখানে ঠিকাদার ছাড়াই কাজ করা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্যও মিলেছে। যে ফাইলগুলো পেয়েছি, সেগুলোর তথ্য যাচাই-বাছাই করে এর ফাইন্ডিংস প্রতিবেদন আকারে দুদকের কেন্দ্রীয় দফতরে পাঠানো হবে। এ প্রতিবেদনের আলোকে পরে দুদক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে।
রাসিক কর্তৃপক্ষের দাবি, ‘রিকুয়েস্ট ফর কোটেশন মেথডে’ ১০ লাখ টাকা পর্যন্ত কাজ বিনা টেন্ডারে করা যেতে পারে। দরপত্র ছাড়া কাজ করার আরো অনেক পদ্ধতিও রয়েছে।
এ ব্যাপারে রাসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন গণমাধ্যমকে জানান, সংস্কার কাজ রাসিকের নিজস্ব অর্থায়নেই করা হচ্ছে। এক্ষেত্রে ২০০৮ সালের পিপিআর মেনেই কাজ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।



