ময়মনসিংহে গৌরীপুরের সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদের তীরে যৌথ অভিযানে আইনজীবী ও পৌর কাউন্সিলরসহ নয়জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতরা হলেন- ঢাকা জজ কোর্টের আইনজীবী কায়কোবাদ হোসনে, জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ করিম, মর্তুজা রেজা, অরুন খান, মোজাম্মল, মফিজুর রহমান, রুহুল আমিন, মোফাজ্জল হোসনে ও রতন মণ্ডল।
গত মঙ্গলবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে ময়মনসিংহ সদর উপজেলা ও গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী সাহেব কাচারি বাজারসংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর থেকে ‘ওয়ান-টেন’ নামে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এই জুয়ার আসরটি চালিয়ে আসছিলেন। তবে ৫ আগস্টের পর মফিদুল ইসলাম ভারতে পালিয়ে যাওয়ায় বর্তমানে তার বড় ভাই গৌরীপুর উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন এই জুয়ার আসরটি পরিচালনা করে আসছেন। এ নিয়ে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিকবার পুলিশ অভিযান চালালেও বন্ধ হয়নি আসর। রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা জুয়াড়িদের মধ্যে নয় জনকে আটক করে। এ সময় জুয়াড়িদের বহনকারী একটি পাজেরো, দুইটি প্রাইভেটকারসহ জুয়ার সামগ্রী জব্দ করা হয়। পরে গ্রেফকারকৃতদের থানায় সোপার্দ করা হয়।