গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশপ্রহরী বাবু হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গত মঙ্গলবার প্রেস ক্লাব হলরুমে এ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবু মিয়ার ছেলে রাজু বলেন, তার বাবা বাবুমিয়া দীর্ঘদিন থেকে সততার সাথে ফুলবাড়ি ইউনিয়নের ফুটানী বাজারে নৈশপ্রহরীর চাকরি করে আসছিল। গত ৪ জানুয়ারি রিমুসহ পাঁচজন আমার বাবাকে বেদম মারধরের একপর্যায়ে বাবা গুরুতর আহত হলে তাকে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতিতে সেখান থেকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে ভর্তি করে রিমু গং সটকে পড়ে।
আমরা নিশ্চিত আমার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এজন্য আমরা থানায় এজাহার দায়ের করলে ওসি (তদন্ত) ইকবাল পাশা আসামি পক্ষের সাথে যোগসাজশ করে এজাহার পরিবর্তন করে আত্মহত্যার মামলা নেয়। রাজু বলেন, সঠিক তদন্ত সাপেক্ষে আমার বাবার হত্যাকারীদের বিচার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের ভাই সাহেদ মিয়া, মেয়ে বিউটি বেগম, বিলকিস বেগম, সেবেনা বেগম প্রমুখ।