কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম।
এ সময় ইটভাটাগুলোতে জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া মাটি সংগ্রহ ও তা কাঁচামাল হিসেবে ব্যবহারের অপরাধ প্রমাণিত হয়। এ অপরাধে চন্দ্রখানার কে এম ব্রিকসকে ৫০ হাজার টাকা, কাশিপুরের ডব্লিউ এ এইচ ব্রিকসকে এক লাখ ৫০ হাজার টাকা এবং আজোয়াটারির এবি ব্রিকস ও এম এস এইচ ব্রিকসকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।
চারটি ভাটার মালিকের কাছ থেকে মোট ছয় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রেহেনুমা তারান্নুম বলেন, ‘পরিবেশ সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’