মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের ফ্লাইওভারের নিচ থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টায় সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলা এলাকার ফ্লাইওভারে নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো: নোমান সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ২৫ থেকে ৩৫ বছর বয়সী ওই নারীর শরীরে কোনো পোশাক ছিল না। ধারণা করছি, দুর্বৃত্তরা কয়েক দিন আগে তাকে হত্যা করে এখানে ফেলে গেছে।’

তিনি আরো জানান, লাশের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তা নেয়া হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সিরাজিদখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আতিকুর রহমান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে ১১টার সময়। পিবিআই ফিঙ্গার প্রিন্ট নিয়েছে। লাশ শনাক্তের জন্য পিবিআইয়ের পাশাপাশি পুলিশও কাজ করছে।