ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিথনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনায় ২৯ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ইকবাল হোসাইনের সমর্থক উপজেলার সিধলা ইউনিয়নের পাইস্কা গ্রামের মো: সেলিম বাদি হয়ে দ্রুত বিচার আইথনে এ মামলা করেন। মামলায় প্রতিপক্ষের ২৯ জনের নাম ছাড়াও অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির নেতা-কর্মী বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াপাড়া গ্রামে যুবদল নেতা সুজাত মিয়ার বাড়িতে ছেলের আকিকা অনুষ্ঠানে যাওয়ার পথে টেঙ্গুরিপাড়া এলাকায় ৬ জানুয়ারি ইকবাল হোসাইনের গাড়িবহরে হামলা-ভাঙচুরে ঘটনা ঘটে। রাজনৈতিক প্রতিপক্ষ জেলা উত্তর বিএনপির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমানের লোকজন এ হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ প্রত্যাখ্যান করে গত মঙ্গলবার আহাম্মদ তায়েবুর রহমান গৌরীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইকবালকে বয়কটের পরিস্থিতি সৃষ্টি হয়। পরে তিনি আকিকার দাওয়াতে যাওয়ার সময় গ্রামবাসীর সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় আমার বা আমার সমর্থকদের কোনো সম্পৃক্ততা নেই।’
এদিকে গত ৮ জানুয়ারি ইকবাল হোসাইন পক্ষের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবদুস সোবহান।
গৌরীপুর থানা ওসি মির্জা মাযহারুল আনোয়ার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।