নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা সুন্দর নারায়ণগঞ্জ গড়তে ঐকমত্য হয়েছেন। অতীতের নারায়ণগঞ্জের সব দুর্নাম দূর করে সুন্দর ও শান্তির নারায়ণগঞ্জ গড়ে তুলতে বিভিন্ন রাজনৈতিক দলের জেলা শীর্ষ নেতা,ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একসুরে কথা বলেছেন। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবার নারায়ণগঞ্জে গডফাদার সৃষ্টি করেছে বলে অনেক মন্তব্য করেন আলোচকরা। আসুন শপথ করি, যেকোনো রাজনৈতিক গডফাদারের বিরুদ্ধে আমরা মাঠে থাকব।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত শহরের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ষষ্ঠ তলায় আমার নারায়ণগঞ্জ সংগঠনের ব্যানারে এই গোলটেবিল অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে নারায়ণগঞ্জের শহরের যানজট, ব্যাটারিচালিত রিকশা, প্রশাসনের নিষ্ক্রিয়তা, বিভিন্ন মহলে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, হত্যা ও শ্রমিক অসন্তোষসহ নানা বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়। সেই সাথে সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন নারায়ণগঞ্জ। অতীতের ইতিহাস, অনেকে বলেছেন আমাদের দুর্নাম রয়েছে। আমাদের খ্যাতিরও কিন্তু কোনো অভাব নেই। হতে পারে, আমাদের কিছু মানুষের বিভিন্ন কাণ্ডের কারণে নারায়ণগঞ্জের কিছু দুর্নাম হয়েছে। আমরা কেউ-ই এই দুর্নাম চাই না, আমরা সুনাম চাই। ভালো নেতৃত্ব তৈরি করা গেলে নারায়ণগঞ্জকে এগিয়ে নেয়া যাবে।
সামষ্টিক চিন্তার আগে ব্যক্তি চিন্তায় পরিবর্তন আনার কথা তুলে ধরেন মহানগর জামায়াতে ইসলামের সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমাদ। তিনি বলেন, ‘বদনামের চেয়ে আমাদের সুনামের ইতিহাস অনেক। কিন্তু আমরা অনেকে তা বলি না, জানিও না। ৫ আগস্টে রাজনৈতিক পরিবর্তন এসেছে; কিন্তু এখনো মানুষের দুর্ভোগ কমেনি। নিজে ভালো না হলে নারায়ণগঞ্জের ভালো চাইলে তো হবে না।’
অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমি ভালো নারায়ণগঞ্জ চাই, আমি সুন্দর নারায়ণগঞ্জ চাই, আমি স্বপ্ন দেখতে চাই আবার সেই স্বপ্ন বাস্তবায়নও করতে চাই। চাষাঢ়া থেকে ২নং গেট যেতে ১ ঘণ্টা সময় লাগে। এটা নিরসন করতে হবে।
মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, প্রশাসনকে নিরপেক্ষ ও দক্ষ করে তোলার জন্য নাগরিক পর্যায় থেকে চাপ বজায় রাখতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আমি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দখলদারিত্বমুক্ত, যানজটমুক্ত, গ্যাস-বিদ্যুৎ চুরিমুক্ত, স্কুল-কলেজের কমিটির নামে যে সন্ত্রাস-কাদা ছোড়াছুড়ি সেটি মুক্ত এক নারায়ণগঞ্জ আমি চাই। সন্ত্রাস, যানজট, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের মাঠে থাকতে হবে; কিন্তু আমরা তা করি না
অ্যাডভোকেট টিপু বলেন, এখানে একটি রাজনৈতিক দলের নামে বহু গডফাদার তৈরি হয়েছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার নারায়ণগঞ্জে গডফাদার সৃষ্টি করেছে।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুজ্জামান বলেন, এফবিসিসিআই ও বিজিএমইএর কমিটি ভাঙা হলেও এখনো বিকেএমইএর কমিটি ভাঙা হয়নি। এই বিকেএমইএতে বর্তমানে যারা নেতৃত্বে আছেন তারা অবৈধ ভাবে আছেন। এই যে তথাকথিত স্বৈরাচারের দোষর।
চিকিৎসা খাতে উন্নয়নের তাগিদ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘চিকিৎসাসেবার মান উন্নত করতে না পারলে একটি বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলা যাবে না। এ শহরের লাইফ-লাইন শীতলক্ষ্যা নদীকে দূষণ ও দখলমুক্ত করতে হবে।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমদ, মহানগর জামায়াতের সভাপতি মাওলানা আবদুল জব্বার, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক রুমন রেজা, ন্যাপ নারায়ণগঞ্জের আহ্বায়ক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ টেক্সটাইল ওয়াকার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল প্রমুখ।
আ’লীগ যতবার ক্ষমতায় এসেছে নারায়ণগঞ্জে গডফাদার সৃষ্টি করেছে
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা সুন্দর নারায়ণগঞ্জ গড়তে ঐকমত্য হয়েছেন। অতীতের নারায়ণগঞ্জের সব দুর্নাম দূর করে সুন্দর ও শান্তির...



