শিল্পাঞ্চল আশুলিয়ার শিমুলিয়ায় মেলায় অশ্লীল নৃত্য, জুয়ার আসরসহ নানা অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, (সাভার সার্কেল) ও আশুলিয়া থানায় গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী।
গত বুধবার বিকেলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো: ওমর ফারুক অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে এলাকাবাসীর পক্ষে শিমুলিয়ার চালাপাড়া এলাকার মাসুদ পারভেজ নামের এক ব্যক্তি মেলা বন্ধের জন্য পৃথক তিনটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের চালাপাড়া এলাকায় আসছে মাঘ মাসে ৩ দিনব্যাপী একটি মেলার আয়োজনের চেষ্টা করছে হিজড়া সম্প্রদায়ের লোকজন। অতীতে এই মেলায় অশ্লীল নৃত্য, জুয়া ও অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটার নজির রয়েছে।
এ বিষয়টি মৌখিকভাবে জানাতে গেলে তারা এলাকাবাসীকে নানা ভয়ভীতি প্রদান করে। মেলায় জুয়া, অশ্লীল নৃত্য, মাদক কেনা-বেচাসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ ঘটে থাকে। এর আগেও মেলায় মাদক কেনা-বেচা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এলাকার যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষাসহ আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতির হাত থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য এ মেলা বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আশুলিয়া থানার এস আই ওমর ফারুক জানান, মেলা বন্ধের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে থানায় অভিযোগ এসেছে। তবে হিজড়াদের পক্ষ থেকেও বাৎসরিক মেলা করার জন্য আবেদন করেছেন। সামাজিক মেলা করতে পারবে তবে অশ্লীল কোনো কিছু হলেই মেলা বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।