খুলনার ডুমুরিয়া উপজেলায় সাড়ে ১২ কোটি টাকার মুজিব কেল্লা প্রকল্প বাতিল করা হয়েছে। নদী ভাঙন, জনবসতিহীন এলাকা ও অসামাজিক কর্মকাণ্ডের আশঙ্কায় ফেরত যাচ্ছে প্রকল্পের টাকা। মুজিব কেল্লা নির্মাণ সংস্কার ও উন্নয়ন প্রকল্প পরিচালক মনোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে এতথ্য জানানো হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ ও গভাদি পশু রক্ষায় ২০২৩-২৪ অর্থ বছরে মুজিব কেল্লা নির্মাণ সংস্কার ও উন্নয়ন প্রকল্পের উদ্যোগ নেয়া হয়। এ প্রকল্পের আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলয়ের বাস্তবায়নে ডুমুরিয়া তিনটি মুজিব কেল্লা নির্মাণে ১২ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ৯১০ টাকা বরাদ্দ দেয়া হয়।

এরমধ্যে মাগুরখালী শিবনগর খেয়াঘাটে ছয় কোটি ৬৮ হাজার ৫৩৭ টাকা, শরাফপুর ইউনিয়নে আসান নগর মৌজায় দুই কোটি ৯৮ লাখ ৮৫ হাজার ৬০৮ টাকা এবং শরাফপুর ইউনিয়নের তৈয়বপুর গ্রামে মালোপাড়ায় দুই কোটি ৪৩ লাখ ৩৭ হাজার ৭৩৫ টাকা বরাদ্দ দেয়া হয়।
জানা যায়, মাগুরখালী শিবনগর খেয়াঘাটের প্রকল্পটি নদীর তীরবর্তী এবং ব্রিজের মুখে হওয়ায় ভবিষ্যতে ভাঙনের আশঙ্কা রয়েছে। প্রকল্পের সহকারী পরিচালক আব্দুল্লাহেল কাফির নেতৃত্বে একটি টিম পরিদর্শন করে এ প্রতিবেদন দেন। আসান নগর মৌজায় জনবসতিহীন স্থান দুই-তিন কিলোমিটার পর্যন্ত জনবসতি নেই। এখানে প্রকল্প বাস্তবায়ন হলে উদ্দেশ্য ব্যাহত হবে এবং অসামাজিত কর্মকাণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া তৈয়বপুর এলাকার প্রকল্পটি বাস্তবায়ন হলে ভবিষ্যতে ভাঙনের আশঙ্কা রয়েছে।