চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহতের নাম আমেনা খাতুন (২৮)। নিহতের বাবা বাদি হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করে গতকাল শুক্রবার সকালে জেলহাজতে পাঠিয়েছে।
জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া পূর্বপাহাড় গফুর বাদশার বাড়ি এলাকার আবদুল গফুর ড্রাইভারের স্ত্রী আমেনা খাতুনের লাশ পুলিশ গত বৃহস্পতিবার সকাল দশটায় উদ্ধার করে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা মো: হাছি মিয়া বাদি হয়ে একইদিন রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় সাত জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে স্বামীর দ্বিতীয় স্ত্রীর বড় বোন আমেনা বেগমকে (৩০) গ্রেফতার করে। স্বামী পলাতক রয়েছে। রাঙ্গুনিয়া থানার এসআই মো: সুজাউদ্দৌলা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



