লোহাগাড়ার কলাউজান ইউপির প্যানেল চেয়ারম্যান-১ হাবিবুর রহমানের প্রতি অনাস্থা জানিয়ে ইউএনও ইনামুল হাছানকে চিঠির মাধ্যমে গত বছরের ২০ ডিসেম্বর অবহিত করেন ১০ সদস্য। এরপর ২৭ কর্মদিবস পেরিয়ে গেলেও অপসারণ করা হয়নি স্বৈরশাসক আওয়ামী লীগের অবৈধ ভোটের এমপি আবু রেজা নদভীর লালিত ক্যাডার হাবিবকে। এতে তদন্তের নামে সময়ক্ষেপণ করে কোনো কার্যকরী ব্যবস্থা না নেয়ায় ইউএনওর প্রতি অসন্তোষ বাড়ছে ইউপি সদস্যদের।
ইউএনও বরাবর লিখিত চিঠিতে চারটি বিষয়ে হাবিবের প্রতি অনাস্থা জানিয়ে উল্লেখ করা হয়, হাবিব প্যানেল চেয়ারম্যানের পদ ব্যবহার করে বিভিন্ন সময়ে নানান দুর্নীতি ও অনিয়ম করেছেন। কিন্তু বিগত সরকারের সময়ের এমপি ও নেতাদের সাথে তোলা ছবি ব্যবহার করে বাকি সদস্যদের প্রতিবাদের মুখ বন্ধ রাখতে বাধ্য করেছেন। যার কারণে ইউপি ও তার পদের স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে হাবিব। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, হাবিব নিজেই নিজের স্বাক্ষর করতে পারেন না। যার কারণে তিনি ইউপির কোনো নথিপত্র ঠিকমতো প্রস্তুত ও পাঠ করতে পারেন না। যার কারণে ইউপির নিয়মিত কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। তৃতীয় অভিযোগে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি তিনি তার অন্যায় বিচারের প্রতিবাদ করায় চট্টগ্রামের স্বনামধন্য এক আঞ্চলিক পত্রিকার সহ-সম্পাদক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়কের ওপর সশস্ত্র হামলা চালিয়েছেন।