ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর ইজিবাইক চালক মো: রাকিবের (১৯) লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ইয়াছিন (২১) ও আব্দুর রহমান আশরাফুর (১৮) নামে দুইজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। নিহত রাকিব নবাবগঞ্জ উপজেলার শাহবাদ গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
গতকাল শনিবার বেলা ১১টায় সহকারী পুলিশ সুপার দোহার সার্কেলের এসপি আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডের শিকার মো: রাকিব গত বুধবার সকালে ইজিবাইক নিয়ে বের হয়। সে বাড়িতে না ফেরায় পরের দিন বৃহস্পতিবার রাকিবের বড় ভাই রবিউল নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন। আটক ইয়াছিনের স্বীকারোক্তি অনুয়ায়ী উপজেলার আগলা পূর্বপাড়ার একটি ডোবার পাড় থেকে রাকিবের লাশ উদ্ধার করা হয়।