খুলনার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের পক্ষ থেকে দুই সহস্রাধিক দুস্থ মানুষের মাঝে গতকাল কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার কপিলমুনি ইউনিনের শ্রীরামপুরে সংস্থাটির চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।
পাইকগাছা বিএনপির সভাপতি ডা: আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য যশোর-৬ আসনের দলীয় প্রার্থী আবুল হোসেন আজাদ, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা শাহাদাত হোসেন ডাবলু, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, সন্তোষ কুমার দে, তুষার কান্তি মণ্ডল, স ম নজরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম, আকিজ উদ্দিন, বাবুল মোড়ল, এস এম মোস্তাফিজুর রহমান পারভেজ, শফিউল ইসলাম হাজরা, আবুল কাশেম হাজরা, শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম, তপন পাল প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার আলদীন বলেন, আমরা এ অঞ্চলের অসহায় মানুষের মাঝে নিয়মিত সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি। রমজানে মাসব্যাপী তিন শতাধিক দরিদ্র মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে । এ অঞ্চলের রাস্তাঘাট উন্নয়নেও ভূমিকা পালন করছি। মসজিদ, মাদরাসা ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। সুপেয় পানির অভাব দূর করতে কয়েকটি গ্রামে ও বাজারে ডিপ-টিউবওয়েল বসানো হয়েছে। প্রতিটি কলথ্যাণমূলক কাজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াকেবহাল রয়েছেন। এ কার্যক্রম চলমান থাকবে। তিনি লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।



