নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানাগর গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধে মিলন মিয়া (৫০) নামে ট্রলারের মালিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের ভাই জহর আলী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নিহত মিলনের পিতার নাম মৃত নোয়াব আলী। তিনি আড়াইহাজারের সোনারগাঁও এলাকায় মেঘনা নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মতিন এবং প্রতিপক্ষ জহর আলী গংদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ইসমাইলের নেতৃত্বে মতিন, সুফিয়ান, আরিফ, সাজোয়ারসহ বেশ কয়েকজন মিলনকে পিটিয়ে আহত করে।
স্বজনরা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন নিহত মিলন মিয়ার ভাতিজা কবির হোসেন।
এ বিষয়ে আড়াইহাজার থানা ওসি এনায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর পরবর্তী আইনগত কার্যক্রম চলবে। নিহতের শরীরে দৃশ্যয়মান কোনো আঘাতেরহ্ন চিহ্ন নেই। অভিযোগ পেলে তদন্ত করে দেখব।



