বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শ‌হীদ নু‌রে আলম সিদ্দিকী রা‌কিবের স্ত্রী সা‌দিয়া খাতুনের কোল আলোকিত করে ফুটফুটে একটি মেয়ে শিশুর জন্ম হয়েছে।

রোবাবার (১৯ জানুয়া‌রি) ‌ভোর রা‌তে ময়মন‌সিংহ শহরের বেসরকারি একটি প্রাইভেট হাসপাতালে ওই শিশুর জন্ম হয়। নবজাতকের আগমনে শহীদ পরিবারে আনন্দের পরিবর্তে এখন বিষাদের ছায়া। কারণ শহীদ রাকিব দেখে যেতে পারলেন না তার সন্তানকে।

গত ২০ জুলাই উপ‌জেলার কলতাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পু‌লি‌শের গুলিতে নু‌রে আলম সিদ্দিকী রা‌কিব নিহত হন। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও মধ্যপাড়া গ্রামের আবদুল হালিমের ছেলে নু‌রে আলম সি‌দ্দিকী রা‌কিব। তি‌নি হিফজ বিভাগ শেষ করে ঈশ্বরগঞ্জের ভাসা মাদরাসায় পড়ছিলেন। একই সাথে নিজেদের বাড়িতে তা’লিমুল কোরআন মহিলা মাদরাসা নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করে সেখানে শিক্ষকতা করছিলেন।

নিহত রা‌কি‌বের স্ত্রী সা‌দিয়ার ভাই শামীম জানান, তার বোন সন্তানসম্ভবা ছিলেন। রা‌কি‌বের মৃত্যুর পর রোববার ভোর রাত সা‌ড়ে ৩টার দি‌কে ঘর আলোকিত করে মেয়ে সন্তানের জন্ম হয়। আফসোস রা‌কিব তার মেয়েকে দেখে যেতে পারলেন না। তার সন্তানও কোনোদিন বাবাকে দেখতে পারবে না। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন। সবার কাছে শহীদ রাকি‌বের সন্তান, তার মা ও পরিবারের জন্য দোয়া চান তিনি।