নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাদাবাজি বন্ধের পাশাপাশি দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে কাজ করছে সরকার।
গতকাল রোববার সকালে ভোলার ইলিশাঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলের পণ্য পরিবহনে অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ; তাই নদীকে সচল রাখতে নিয়মিত ড্রেজিং করা হবে। এ ছাড়া যাত্রী হয়রানি এবং ঘাটে নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া নিলে ঘাট ইজারা বাতিল করে দেয়া হবে বলে জানান তিনি।
এ সময় তিনি আরো বলেন, ভোলায় বিশ্বব্যাংকের অর্থায়নে ৫টি আধুনিক মানের লঞ্চঘাট ও ল্যান্ডিং স্টেশন করা হবে। এসব ঘাটে যাত্রীরা পাবেন সর্বাধিক সুবিধা। বিগত দিনের চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানান। পরে ৩ দিনের সফর শেষে বরিশালের বিভিন্ন ঘাট পরিদর্শনের উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, উপদেষ্টার একান্ত সচিব মো: জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মো: আজাদ জাহান প্রমুখ।



