মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় স্ক্যান সিমেন্ট ও মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।
গত রোববার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় উল্লেখিত ওই দুই ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকা, খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণসামগ্রী রাখায় মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিকে দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অপর প্রতিষ্ঠান স্ক্যান সিমেন্ট ফ্যাক্টরিকে কাচামাল ও নির্মাণসামগ্রী রাখায় এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন মোবাইল কোর্ট।
এ ছাড়াও তিন মাসের মধ্যে বায়ু দূষণ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করার সময়সীমা বেঁধে দেয়া হয়। কোম্পানির পক্ষে সংশ্লিষ্ট জেনারেল ম্যানেজারকে এই দণ্ড আরোপ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো: সানোয়ার হোসেন ও মুন্সীগঞ্জ থানা পুলিশ টিম।
এ ব্যাপারে পরিবেশের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান, পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ও খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণসামগ্রী রাখায় মেট্রোসেম সিমেন্ট ও স্ক্যান সিমেন্ট ফ্যাক্টরিকে তিন লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।